আফগানিস্তান পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

2 Min Read

ওয়েব ডেস্ক: আগামী ২৬ আগস্ট অর্থাৎ আগামী বৃহস্পতিবার সকাল ১১টায় সর্বদল বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। তালিবানের ক্ষমতা দখলের পর আফগানিস্তানে ভারতীয় বিনিয়োগ রক্ষা ও প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে এই বৈঠকে বলে খবর। এছাড়া, আগামী দিনে তালিবানের সঙ্গে সম্পর্ক কেমন হবে তা ঠিক করতে বিরোধী দলনেতাদের সঙ্গে আলোচনা করবেন মোদি। সোমবার এই কথা জানিয়েছেন বিদেশ মন্ত্রী এস জয়শংকর।

আফগানিস্তান পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আজ একটি টুইট করে বিদেশ মন্ত্রী এস জয়শংকর জানিয়েছেন যে, সংসদে বিরোধী নেতাদের আফগানিস্তান সম্পর্কে সমস্ত তথ্য দেওয়ার জন্য বিদেশমন্ত্রককে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বিষয়ে বিস্তারিত জানাবেন সংসদ বিষয়ক মন্ত্র প্রহ্লাদ যোশী। বলে রাখা ভাল, কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতীয় নাগরিকদের ফেরানোর কাজ করছে নয়াদিল্লী। আফগান শিখ ও হিন্দুদেরও ফেরাচ্ছে ভারত সরকার। গতকাল ভারতীয় বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার বিমানে করে কাবুল থেকে ১৬৮ জনকে দিল্লিতে আনা হয়। তাঁদের মধ্যে ১০৭ জন ভারতীয় নাগরিক ছিলেন।

আফগানিস্তান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক! রয়েছেন অমিত শাহ-রাজনাথ-নির্মলা-অজিত

এই প্রসঙ্গে উল্লেখ্য, ১৭ আগস্ট মন্ত্রিসভার সঙ্গে একটি জরুরি বৈঠকে আফগানিস্তান থেকে তড়িঘড়ি ভারতীয়দের ফেরানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আফগানিস্তানে পরিকাঠামো নির্মাণে ভারত প্রায় ৩০০ কোটি ডলার বিনিয়োগ করেছে। পাশাপাশি, আশরফ ঘানি সরকারের সময় আফগান ভূমিতে ভারত বিরোধী সন্ত্রাসবাদী গতিবিধিও অনেকটাই কম ছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এখন ভারতের কাছে সবচেয়ে বড় প্রশ্ন- আমরা কী করব? ভারত সরকার জানিয়েছে, আমাদের নীতি, ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’। এসব সমস্ত বিষয়ে আলোচনা করতেই এবার বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনায় বসতে চাইছে সরকার বলে খবর।

Share This Article